বেহাত এলাকাগুলো ফের দখল করা হবে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৫ ২১:৪৩:৪৪
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, সম্প্রতি বেহাত হয়ে যাওয়া এলাকাগুলো পুনর্দখল করা হবে। এসব এলাকা চিরকালের জন্য রাশিয়ার সঙ্গে থাকবে।
ইউক্রেনে চলমান যুদ্ধক্ষেত্রের দখল করা বেশকিছু জায়গার নিয়ন্ত্রণ হারাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। তবুও ইউক্রেনের চার অঞ্চল একীভূতকরণ আইনে সাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলকে রুশ ফেডারেশনে একীভূতকরণ আইনে সাক্ষরের পাশাপাশি পুতিন এসব অঞ্চলে ক্রেমলিনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধানও নিযুক্ত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস আজ বুধবার এসব তথ্য জানায়।
রুশ সরকারের নিয়ম অনুযায়ী, স্থানীয়দের ভোটে নির্বাচনের মাধ্যমে অঞ্চলপ্রধান বাছাইয়ের আগ পর্যন্ত নবনিযুক্ত এই চার নেতা চারটি অঞ্চলের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের ভেতরে ঢুকে পড়েছে। যেটি কিনা গত সপ্তাহে দখলের ঘোষণা দিয়েছিল রাশিয়া। গোটা লুহানস্ক প্রদেশ অনেকদিন ধরেই রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি সেখানকার ইউক্রেনীয় গভর্নর সেরহিয়ি হাইদাই বলেছেন, বেশকয়েকটি এলাকা এরই মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর হাত থেকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়াও কিয়েভ জানিয়েছে, দক্ষিণের বেদখল হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ অঞ্চল খেরসনেও এ সপ্তাহে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন অষ্টমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজ পাস করেছে।
সূত্র: বিবিসি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














