ফুলতলার ৪ ইউনিয়নে লড়বে ৫২ প্রতিনিধি
প্রকাশ: ২০১৬-০৩-২১ ২০:৩৬:১১
ইউপি নির্বাচন-২০১৬ এর প্রথম ধাপের নির্বাচনে খুলনার ফুলতলা উপজেলার ৪ ইউনিয়নে ৪৬ কেন্দ্রে প্রায় ১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৫২ জন প্রতিনিধি নির্বাচন করবে আগামীকাল (মঙ্গলবার)। এ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত এবং নির্বাচনে সকল উপকরণ সামগ্রী ইতোমধ্যে স্ব-স্ব কেন্দ্রে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট লুলু বিলকিস বানু বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে তিন জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য, ইউনিয়ন প্রতি পুলিশের দুটি মোবাইল টিম, ১টি স্টাইটিং ফোর্স, বিজিবির ৩টি টহল দল, র্যাবের দুটি টহল দল ছাড়াও রয়েছে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। এছাড়াও র্যাবের ১টি রিজার্ভ টিম ও বিজিবির একটি রিজার্ভ টিম উপজেলা সদরে সার্বক্ষনিকভাবে অবস্থান করবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবার ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়নে ৪৬টি কেন্দ্রের ৩০৭ বুথের মাধ্যমে ৯৮ হাজার ২শ’ ৩৮ ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে ৪জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৬জন সাধারণ সদস্য নির্বাচিত করবে।
৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আটরা গিলাতলা ইউনিয়নে সৈয়দ হাসান মাহমুদ টিটো (আনারস), শেখ হারুন অর রশিদ (ধানের শীষ), শেখ মনিরুল ইসলাম (নৌকা), আঃ মান্নান সর্দার (হাতপাখা), দামোদর ইউনিয়নে আঃ আলিম মোল্যা (মটর সাইকেল), মোঃ রেজোয়ান রাজা (হাতুড়ি), জাকিয়া হাসিন বিনা (ধানের শীষ), মোঃ সেলিম সরদার (আনারস), জাকির হোসেন মোহন (চশমা), শরীফ মোহাম্মদ ভূঁইয়া (নৌকা), মোঃ সোহানুর রহমান (হাতপাখা), জামিরা ইউনিয়নে মোঃ রেজোয়ান আলী খান (হাতুড়ি), মোঃ সাইফুল হাসান (মটর সাইকেল), মোঃ মনিরুল ইসলাম সরদার (আনারস), এস এম হারুন অর রশিদ (ধানের শীষ), দলিল উদ্দিন মোল্যা (নৌকা), মোঃ আবুল কালাম আজাদ (হাতপাখা) এবং ৪নং ফুলতলা ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম (আনারস), শেখ রবিউল ইসলাম মন্টু (নৌকা), শেখ আবুল বাশার (ধানের শীষ)।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













