পিরোজপুরে আ.লীগ প্রার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

প্রকাশ: ২০১৬-০৩-২১ ২০:৫৭:৪১


pirojpur_106529পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশিষ কুমার বড়ালকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থীর কর্মীরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার আরামকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আশিষের সঙ্গে সাথে থাকা ৭/৮জন  সমর্থক আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আ’লীগের প্রার্থী আশিষ কুমার ২১ মার্চ দুপুরে আরামকাঠী গ্রামে যায়। এসময় জাতীয় পার্টি প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। তারা অশিষকে কুপিয়ে আহত করে। তাদের হামলায় আহত হন আশিষের কর্মী সমর্থক বিমল কৃষ্ণ, অনুপরায়, বিশ্বজিৎ. সবুজ মিন্ত্রী, ভবতোষ বেপারী, জগদীস, ঠাকুর চাঁদ, সুমনসহ বেশ কয়েকজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ভবতোষ বেপারী, সবুজ মিস্ত্রী, আশিষ, বিশ্বজিৎকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ হামলার সংবাদ পেয়ে আ’লীগ প্রার্থী আশিষ কুমার বড়ারের কর্মী সমর্থকরা জেপি প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টা হামলার ঘটনা সঠিক নয়। আ’লীগ প্রার্থীর উপর হামলার ঘটনায় হাসিব, জুবায়ের আহম্মেদ, রেজাউল করিম, ও খলিলুর রহমান নামের ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সানবিডি/ঢাকা/আহো