আইসিএসবির সভাপতি আসাদ উল্লাহ-সহ সভাপতি নূরুল আলম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১০-১১ ২৩:৩৯:২৫


ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ’র (আইসিএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন বেক্সিমকো লিমিটেডের কোম্পানি সচিব আসাদ উল্লাহ ও সিনিয়র সহ সভাপতি হয়েছেন নগদের চিপ কর্পোরেট অ্যান্ড এক্সর্টানাল অফিসার নূরুল আলম। রোববার সংগঠনটির প্রথম সভায় তাদেরকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সহ সভাপতি হয়েছেন সুরাইয়া পারভীন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পরিচালক এ.কে.এম মুশফিকুর রহমান ও ট্রেজারার হয়েছেন ইস্টার্ন ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মামুন।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিল সদস্য হয়েছিলেন আসাদ উল্লাহ। আইসিএসবির প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে (২০২২-২০২৫) নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০০৬-২০০৭, ২০০৮-২০০৯, ২০০৯-২০১০ এবং ২০১৩-২০১৬ মেয়াদে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৮ সাল থেকে বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক-কর্পোরেট অ্যাফেয়ার্স এবং গ্রুপ কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদ উল্লাহ । ১৯৮৫ সাল থেকে তিনি গ্রুপের বিভিন্ন দায়িত্বশীল উচ্চ পদে কাজ করেছেন। আসাদ উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএল.বি.) পেশাদার ডিগ্রি অর্জন করেন। এলএলএম এবং এমবিএ (এইচআরএম এ মেজর) ডিগ্রিও অর্জন করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর পরিচালনা পর্ষদের সদস্য এবং দেশের বেশ কয়েকটি স্বনামধন্য পেশাদার ও সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আসাদ উল্লাহ।

সভায় এম নুরুল আলম এফসিএস-কে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৩-২০১৬ এবং ২০১৯-২০২২ মেয়াদের জন্য আইসিএসবি’র কাউন্সিল সদস্য ছিলেন। বর্তমানে নগদ লিমিটেডের চিফ কর্পোরেট এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি।

এ ছাড়া এ কে এম মুশফিকুর রহমান এফসিএস ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নতুন কার্যভার গ্রহণের আগে তিনি ২০১১-২০১৩ এবং ২০১৬-২০১৯ মেয়াদের জন্য আইসিএসবির কাউন্সিল সদস্য ছিলেন। বর্তমানে সুরাইয়া পারভীন এন্ড অ্যাসোসিয়েটসের পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি।

সভায় আইসিএসবি’র কাউন্সিল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস-কে ইনস্টিটিউটের ট্রেজারার নিযুক্ত করেছে। বর্তমানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন তিনি।

এর আগে গত ১ অক্টোবর সংগঠনটির কাউন্সিলের সদস্যরা আগামী তিন বছরের জন্য ১৩ জনকে নির্বাচিত করেন। তারা ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচিত বাকি সদস্যরা হলেন— প্রথম হয়েছেন বেক্সিমকো লিমিটেডের নির্বাহী পরিচালক ও গ্রুপ কোম্পানি সচিব আসাদ উল্লাহ, দ্বিতীয় হয়েছেন ইস্টার্ন ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সচিব অলি কামাল, চতুর্থ হয়েছেন নগদের চিপ কর্পোরেট অ্যান্ড এক্সর্টানাল অফিসার নূরুল আলম এবং পঞ্চম হয়েছেন সুরাইয়া পারভীন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পরিচালক এ.কে.এম মুশফিকুর রহমান।

১৩ জনের মধ্যে আরও রয়েছেন যথাক্রমে ডিএসইর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম ভুঁইয়া, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কর্পোরেট রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক ও কোম্পানি সচিব শরিফ হাসান, মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের লিড কনসালটেন্টের সিইও মোহাম্মদ সানাউল্লাহ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স এবং গ্রুপ কোম্পানী সেক্রেটারি আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, ইস্টার্ন হাউজিং এর কোম্পানি সচিব সেলিম আহমেদ, বেক্সিমকো এলপিজির মহা-ব্যবস্থাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এম.নাসিমুল হাই এবং বৃটিশ আমেরিকান টোবাকোর হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব আজিজুর রহমান।

এবারের নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোহম্মদ আসাদ উল্লাহ সর্বোচ্চ ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি পেয়েছেন ৩১২ ভোট। ৩০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ওলি কামাল। চতুর্থ হয়েছে নূরুল আলম। পঞ্চম ও ষষ্ঠ হয়েছেন যথাক্রমে মুশফিকুর রহমান ও শফিকুল ইসলাম ভুঁইয়া।

এ সদস্যরা তাদের প্রথম সভায় সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচন করবেন। তাদের নেতৃত্বে আগামী তিন বছর প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে।

এএ