উভয় স্টক এক্সচেঞ্জে বন্ডের লেনদেন করলো লংকাবাংলা সিকিউরিটিজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১০-১১ ২৩:১৫:০৩


পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য বাড়ানো ও বন্ড বাজারের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ট্রেজারি বন্ডের লেনদেন শুরু করেছে বিএসইসি। এই ইতিহাসের সাক্ষী হলো দেশের অন্যতম শীর্ষ ব্রোকারজে লংকাবাংলা সিকিউরিটিজ। একই দিনে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডের লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ১১ অক্টোবর, ডিএসই ও সিএসইতে লেনদেনটি করে লংকাবাংলা পরিবার।

ডিএসই ও সিএসই সূত্র অনুযায়ী, লংকাবাংলা ফাইন্যান্স ও তার সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজের মধ্যে এই লেনদেন হয়েছে। আলোচিত বন্ডের ক্রেতা লংকাবাংলা সিকিউরিটিজের লিমিটেড। আর বিক্রেতা হচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচিত বন্ডটি হচ্ছে ৫ বছর মেয়াদি বন্ড। বন্ডটির নাম টিবি৫ওয়াই০১২৫। বন্ডটি ১০৫ টাকা ১৯ পয়সা দরে কেনাবেচা হয়েছে।

এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের সিইও খন্দকার সাফাত রেজা সানবিডিকে বলেন, দেশের পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র আনতে কাজ করছে বিএসইসি। লংকাবাংলা সিকিউরিটিজও সব সময় পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে।

তিনি বলেন, পুঁজিবাজারের ইতিহাসে নতুন একটি রেকর্ডে লংকাবাংলা পরিবার অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও পুঁজিবাজারের নতুন ইতিহাসের সাক্ষী হতে চায় এই পরিবারটি।