প্রাথমিকের জন্য দুই কোটি ৪৮ লাখ পাঠ্যপুস্তক কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৯ ১৭:৩৭:৫১


প্রাথমিকের জন্য দুই কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৪টি প্রতিষ্ঠান থেকে এ পাঠ্যপুস্তক কেনা হবে। এ জন্য খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকা।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই পাঠ্যপুস্তক কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে ২৪টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৮ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৯১০ টাকায় দুই কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৯৯০ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ এক হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত হয়। এ জন্য খরচ ধরা হয় ৪৮৯ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৯২৬ টাকা।

এর মধ্যে ছিল- প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের জন্য ২০২৩ শিক্ষাবর্ষের ইবতেদায়ি (প্রথম ও দ্বিতীয় শ্রেণি), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ষষ্ঠ ও সপ্তম শ্রেণি, দাখিল স্তরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণি, শিক্ষক নির্দেশিকা এবং কারিগরি বই (ট্রেড বই)। ১৮২টি লটে উন্মুক্ত দরপতনের মাধ্যমে এসব পাঠ্যপুস্তক কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এএ