দখলকৃত চার অঞ্চলে সামরিক আইন জারি পুতিনের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৯ ২১:২৩:৫২


ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলে অঞ্চলে সামরিক আইন জারি করেছে রাশিয়া, যা বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে। বুধবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সামরিক আইন জারি করা অঞ্চলগুলো হলো জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ক। গত ৩০ সেপ্টেম্বর এসব অঞ্চল নিজেদের বলে ঘোষণা দেয় রাশিয়া। এর জবাবে এসব এলাকায় পাল্টাহামলা জোরদার করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে বুধবার এমন পদক্ষেপ নিলেন পুতিন।

আদেশে তিনি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত চার অঞ্চলে মার্শাল ল’ জারির আদেশে আমি সই করেছি। এটি অবিলম্বে ফেডারেশন কাউন্সিলে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং ডুমাকে (রুশ পার্লামেন্ট) এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হবে। ’ খবর আল-জাজিরা

সামরিক আইন জারির ফলে এসব এলাকার জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হলো। এই আইন কার্যকরের ফলে জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের জনসাধারণ চাইলেও আর অন্য এলাকায় যেতে পারবেন না।

এদিকে রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন ওই চার অঞ্চলে সামরিক আইন জারি সম্পর্কে বলেন, ‌এই অঞ্চলে আমাদের মানুষদের সুরক্ষা, রাশিয়ার নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের বেশকিছু কঠিন কাজ করতে হচ্ছে। যেসব রুশ নাগরিক যুদ্ধ করছেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের প্রতি আমাদের যে সমর্থন সেটা অনুভব করা উচিত। তারা জানেন, আমাদের বিশাল এ দেশ, মহান এ দেশ এবং একতাবদ্ধ মানুষ তাদের পেছনে আছে। ’

তিনি আরও বলেন, এই অঞ্চলগুলোর সরকারপ্রধানদের জরুরি কিছু ক্ষমতা দেওয়া হবে। তবে কী কী ক্ষমতা দেওয়া হচ্ছে, সেটি বলেননি তিনি।

এএ