পুলিশের বিরুদ্ধে মামলা ছাত্রলীগ নেতার

প্রকাশ: ২০১৬-০৩-২৩ ১৮:০৭:১৮


c_106750হোটেল কক্ষ থেকে ‘নারীসহ আটক’ ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জিল্লু সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন।

বুধবার দুপুরে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। আব্দুর রহিম জিল্লু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের বক্তৃতা ও বিতর্ক সম্পাদক।

মামলা করার সত্যতা নিশ্চিত করে জিল্লুর আইনজীবী আকবর আলী সংবাদমাধ্যমকে বলেন,  মামলায় ওসি মঈনুল ইসলাম ও এসআই সালেক ছাড়াও অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩-এর ১৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত ১৯ মার্চ শনিবার বিকেলে সদরঘাট থানার একটি আবাসিক হোটেল থেকে নারীসহ জিল্লুকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ালে জিল্লুরকে মারধর করা হয়। তবে জিল্লু দাবি করেন, স্ত্রীকে নিয়ে হোটেল কক্ষে অবস্থানকালে ওসি মাইনুল কোনো কারণ ছাড়াই তাকে মারধর করে থানায় নিয়ে যান।

এরপর ছাত্রলীগের শতাধিক  নেতাকর্মী সদরঘাট থানা ঘেরাও করে পুলিশের র‌্যাকার এবং ক্যান্টিন ভাঙচুর করে এবং জিল্লুরকে ছাড়িয়ে নিয়ে যান।

সানবিডি/ঢাকা/আহো