অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিলে ইমরান খানের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৪ ১৮:০৯:০৩


তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে নেওয়া পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) সিদ্ধান্ত স্থগিত করার আবেদন খারিজ করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। সাবেক এই পাক প্রধানমন্ত্রীকে নির্বাচনে অযোগ্য ঘোষণার মামলার শুনানি শেষে সোমবার হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজ বলছে, তোশাখানা কাণ্ডে ইমরান খান যে ধরনের কৌশল অবলম্বন করেছেন তা দুর্নীতিগ্রস্ত। তোশাখানার উপহার বিক্রির তথ্য গোপন করে মিথ্যা ও ভুল বিবৃতি দেওয়ায় পাকিস্তানের নির্বাচন কমিশন সাবেক এই প্রধানমন্ত্রীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ সোমবার ইমরান খানের আবেদনের শুনানি করেছেন। শুনানি শেষে তা খারিজ করে দেওয়ার পর পিটিআই চেয়ারম্যানকে আগামী তিন দিনের মধ্যে আবেদনে উল্লেখ করা তথ্য পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। ইমরান খানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আলী জাফর।

গত শুক্রবার পাঁচ বছরের জন্য ইমরানকে সব সরকারি পদ থেকে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কমিশন। এর ফলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ সাধারণ পরিষদের সদস্যপদ হারিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইমরান খান। সেই সঙ্গে আগামী পাঁচ বছর জাতীয় ও প্রাদেশিক কোনও আইনসভার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, ইমরান খান মিথ্যা হলফনামা দাখিল করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত ছিলেন।

সূত্র: এআরওয়াই নিউজ।

এএ