এবার কিশোরীকে গণধর্ষণ রাজশাহীতে
আপডেট: ২০১৬-০৩-৩১ ২১:২০:৪৯
রাজশাহী মহানগরীর সোনাদিঘীর মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
চার দিন আগে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যা করা হয়। এনিয়ে ব্যাপক আন্দোলনের মুখে আজ আবারও ধর্ষণের শিকার হলো আরেক কিশোরী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সকাল ৭টার দিকে একটি অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়।
তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। তার নাম রনি। সে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মণ্ডলের ছেলে।
ধর্ষিত ওই কিশোরীর আনুমানিক বয়স ১৪ বছর। তার বাড়ি নাচোলের আমনুরা এলাকায়। গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে তার প্রেমিক খোকন তাকে বুধবার বিকেলে রাজশাহীতে ডেকে নিয়ে আসে।
ওই কিশোরী রামেক হাসপাতাল বক্স পুলিশকে জানায়, রাজশাহীতে আনার পরে খোকন তাকে নিয়ে ভাই ভাই আবাসিক হোটেলে উঠে। এর পর কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর সঙ্গে হোটেলের কর্মচারীরাও জড়িত রয়েছে বলে জানান তিনি।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম বলেন, হোটেলের কর্মচারীদের সহযোগিতায় মেয়েটিকে রাতভর গণধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে তার অটোরিকশাতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। রাজপাড়া থানার মাধ্যমে এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













