আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক ইমরান খানের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৬ ০৯:৪৬:০১
পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে হবে এ পদযাত্রা।
এ পদযাত্রা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) শুরু হবে বলে জানানো হয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) লাহোরে এক সংবাদ সম্মেলন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
ইমরান খান জানান, শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ওপর চাপ দিতেই এ উদ্যোগ।
তার দাবি, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় লংমার্চ হবে। কারণ, দুটি শহরের দূরত্ব ৩৮০ কিলোমিটার। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দেন।
আগেই সরকারের তরফ থেকে ঘোষণা এসেছিল, বিক্ষোভকারীদের ঠেকাতে নেয়া হবে সবধরনের পদক্ষেপ। রাজধানীর প্রবেশ মুখগুলোয় কমপক্ষে ৩০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
তাছাড়া, বিরোধীদের অগ্রযাত্রা ঠেকাতে ইসলামাবাদের চারপাশে বসানো হবে শতাধিক ভারী কন্টেইনার। গেলো সপ্তাহেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইমরান খানকে পার্লামেন্ট আসন থেকে অপসারণের ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন।
সূত্র: রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














