ইউনাইটেড পাওয়ারের সঙ্গে চুক্তি করল মতিন স্পিনিং
প্রকাশ: ২০১৬-০৩-২৪ ১৯:০৮:২৭
বিদ্যুৎ সরবরাহ নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। কোম্পানি দুটি হলো- পাওয়ার খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) এবং বস্ত্র খাতের মতিন স্পিনিং মিলস লিমিটেড। সম্প্রতি এ চুক্তি সই হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ও মতিন স্পিনিং সূত্রে জানা গেছে, আগামী ২৮ মার্চ কোম্পানি নতুন প্রজেক্টে উৎপাদন শুরু করবে। নতুন এ প্রজেক্টে মিল্যাং ইউনিটে উৎপাদন শুরু করবে কোম্পানি। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তোলা টাকা দিয়ে এই প্রজেক্ট করেছে বলে জানা গেছে।
এ প্রজেক্টি চলবে সম্পূর্ণ গ্যাস দিয়ে। বিকল্প ব্যবস্থা হিসাবে তারা বিদ্যুতের লাইন রাখছে। প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। চুক্তি অনুযায়ী ইউনাইটেড পাওয়ার মতিন স্পিনিং মিলস লিমিটেডকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবারহ করবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানি সচিব শাহ আলম মিয়া অর্থসূচককে বলেন, আগামী ২৮ মার্চ আমাদের নতুন প্রকল্পে উৎপাদন শুরু করা হবে। এই প্রকল্পটি গ্যাসের মাধ্যমে চলবে। তবে বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা এটি রাখছি। প্রয়োজন হলে যাতে ব্যবহার করা যায়।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাছান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন হাসান রশিদ, পরিচালন কর্মকর্তা শেখ আশরাফ হোসেন, এজিএম জাহিদুল ইসলাম ও শামীম মিয়া।
আর মতিন স্পিনিংয়ের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার, পরিচালক এম এ রহিম, ডিবিএল গ্রুপের উপদেষ্ঠা মো. ইসহাক, প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন ও কোম্পানি সচিব শাহ আলম মিয়া।
উল্লেখ, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই ছিল নগদ। আর ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদেরকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৪ সালে ২৭ টাকা প্রিমিয়ামসহ ৩৭ টাকা ধরে টাকা সংগ্রহ করে কোম্পানিটি। তিন কোটি ৪১ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৬ কোটি ১৭ লাখ টাকা সংগ্রহ করে মতিন স্পিনিং মিলস লিমিটেড। এই টাকা দিয়ে নতুন এ প্রকল্পটি করা হয়। আর ইউনাইটেড পাওয়ার ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













