পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-২৮ ২০:৫০:৩০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পড়াশোনা শুধু ডিগ্রি আর সার্টিফিকেটের জন্য নয়, এটি হতে হবে মানুষকে তৈরি করার জন্য। যাতে সে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে তৈরি হয়ে নিজের জীবনে এবং দেশের জন্য অবদান রাখতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক সেরকম মানুষ তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৮ অক্টোবর) কক্সবাজারে ‘পর্যটন শিল্পের সঙ্গে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের যোগসূত্র বৃদ্ধি’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জল তরঙ্গ’ হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘এনহ্যান্সিং অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ ইন ট্যুরিজম অ্যান্ড বুক লন্সিং’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন দীপু মনি। তিনি বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এদেশে দেখবার ও দেখাবার অনেক কিছু আছে। আমরা কতটা গুছিয়ে, কতটা সবার কাছে আকর্ষণীয় করে দেখাতে পারব, সেজন্যই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে দক্ষতা বৃদ্ধি করা দরকার।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক ঐতিহাসিক জায়গা আছে, অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেগুলোকে আরও গুছিয়ে আকর্ষণীয় করে উপস্থাপন খুবই জরুরি। পৃথিবীর বহু দেশ আছে, যেখানে হয়তো অনেকেই গেছেন। খুবই ছোট, তেমন সিগনিফিক্যান্ট কিছু হয়তো নেই। কিন্তু সেটিকে এমনভাবে সবার কাছে প্রেজেন্ট করা হয়, পর্যটকরা হুমড়ি খেয়ে পড়েন।
দীপু মনি বলেন, আমরা কেমন করে উপস্থাপন করছি, সেটি গুরুত্বপূর্ণ। আজকে যারা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ছে, সেটা জীবন-জীবিকার জন্য কতটা কাজে লাগবে, এর চেয়েও এতে দেশের অর্থনীতিতে বড় প্রভাব রয়েছে।
তিনি বলেন, আমাদের ট্যুরিজম যত বেশি উন্নত হবে, অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব তত বেশি পড়বে। দেশ উন্নত হবে। যত বেশি পর্যটক আসবে, দুনিয়ার মানুষ তত বেশি বাংলাদেশকে জানতে পারবে। আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে।
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপরে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন টেক্সট বই রচনা করেছে। সে উদ্যোগ এ সেক্টরকে প্রাতিষ্ঠানিকভাবে একধাপ এগিয়ে নেবে। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ৭০ ভাগ শিক্ষার্থীকে পড়িয়ে থাকে। তাদের মান বাড়ানোর ব্যাপারে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
দীপু মনি বলেন, আজকের অনুষ্ঠান ৭০ জনকে নিয়ে শুধু কোনো কর্মশালা নয়, এর গুরুত্ব অনেক। এর মাধ্যমে দেশব্যাপী পর্যটন শিল্পের সচেতনতা ও পর্যটন শিক্ষা বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে। যার বড় প্রভাব আমাদের শিক্ষাব্যবস্থায় পড়বে। শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা বাড়ানোর ওপরে এর প্রভাব পড়বে।
তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বহু পেশা, বৃত্তির ক্ষেত্রে মানসিক দীনতা আছে। সেটিকে কাটিয়ে উঠতে হবে। ফলে এ সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি হবে। সেটি করতে পারলেই দেশে এবং দেশের বাইরে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারব। এজন্য শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে হবে।
পারফরমিং আর্টস ও থিয়েটারের সঙ্গে পর্যটনের সমন্বয় হলে এ সেক্টর বিকাশের ক্ষেত্রে অবদান রাখবে বলে মনে করেন মন্ত্রী।
ওয়ার্কশপে ‘ব্রান্ডিং অ্যান্ড প্রোমোশন অব ট্যুরিজম ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মীজানুর রহমান।
ওয়ার্কশপের সমাপনী দিনে প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ পর্যটনের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ পাঁচজন।
ওয়ার্কশপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আবদুল মালেক সরকারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













