ফিলিপাইনে বন্যা-ভূমিধস, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৯ ০৯:৫০:৫৮


ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৯ জন। শুক্রবার (২৮ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস এবং বন্যায় দেশটির মিন্দানাও প্রদেশের দুটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু গ্রামগুলোতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বহু মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ছাড়া বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে ও ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কিছু বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে।

দেশটির আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশি ঘনীভূত হবে। এতে ক্ষয়ক্ষতি অব্যাহত থাকতে পারে।

এম জি