গুজরাটে ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-৩০ ২২:০২:৫৪


ভারতের গুজরাটের মরবিতে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে ৪০ জন নিহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

এনডিটিভির এক ভিডিওতে দেখা যায়, সেতু ভেঙে পানির ওপর পড়ে আছে। মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। অনেকেই সেখানে আটকা অবস্থায় আছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় মানুষেরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের তারা উদ্ধার করছেন।

মরবি ঝুলন্ত সেতু কয়েক দশক আগে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। মেরামত ও সংস্কারের পর গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। ওধবজি প্যাটেলের মালিকানাধীন ওরেভা গ্রুপকে সংস্কার কাজের জন্য সরকারি দরপত্র দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে।

এএ