রাবিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-১১-২৯ ০৯:৩৮:০৯
আসন ফাঁকা থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কৃর্তপক্ষ।
সোমবার (২৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন ইউনিটে বেশকিছু আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে ফাঁকা থাকা আসনগুলো পূর্ণ হবে।
জানা গেছে, এ বছর তিনটি ইউনিটে চার হাজার ৬৪৬ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর। আসন ফাঁকা থাকায় দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় ভর্তি কার্যক্রম ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এর আগে প্রথম দফায় ৮ নভেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তৃতীয় দফায় ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানো হলো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













