আফগান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১২ ১১:৫০:০৯
আফগান ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চামান শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি ভয়াবহ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা দেখা দেয়। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যের জন্য এই চামান শহর ব্যবহার করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ জানিয়েছে, ওই হামলার ঘটনায় ১৭ জন আহত হয়েছে। তাদের অভিযোগ, বিনা ‘উসকানিতে এবং নির্বিচারে’ বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা চালিয়েছে আফগান বাহিনী।
এদিকে আফগানিস্তানে কান্দাহার গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ জেইদ বলেছেন, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট তৈরি করা নিয়ে পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। পাকিস্তানের পাল্টা হামলায় একজন তালেবান যোদ্ধা নিহত ও ১০ জন আহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আরও তিন জন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলার কথা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














