লালমোহনে কম্বল বিতরণকে কেন্দ্র করে এমপির সামনে দুই গ্রুপের সংঘর্ষ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১০ ২১:৩৬:০২
ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে কম্বল বিতরণকে কেন্দ্র করে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জামাল খাঁ ও সাবেক সদস্য লিটন ব্যাপারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।
এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে দুই পক্ষের আটজন গুরুতর আহত হয়। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে বহনকারী গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়। পরবর্তীতে পুলিশ প্রহরায় ও লালমোহন পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
সন্ধ্যার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাটে কম্বল বিতরণ করার সময় ব্যাপক বিশৃঙ্খলা ও ধস্তাধস্তি হয়। স্থানীয়দের অভিযোগ, দুপুর থেকে তাদেরকে কম্বল দেওয়ার জন্য এনে বসিয়ে রাখা হয়েছে। এ সময় ৬০০-৭০০ লোককে আমন্ত্রণ জানানো হলেও কম্বল দেওয়া হয় ১৫০টি। এ নিয়ে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। ক্ষোভের কারণে অনেকেই মঞ্চের চেয়ার বাড়িতে নিয়ে যান।
এ সব বিক্ষুব্ধ কেউ কেউ মিছিলের উদ্যোগ নিলে স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে তারা মিছিল করা থেকে বিরত থাকেন। উত্তেজিত জনতা ফকরুল হাং নামে সংসদ সদস্যের এক কর্মীকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ রাখে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













