যশোরে নিখোঁজ দুই শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
আপডেট: ২০১৬-০৪-১৩ ১৩:০৪:১৩
ঝিনাইদহ থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে অপহৃত দুই শিবির নেতার গুলিবিদ্ধ লাশ যশোর থেকে উদ্ধার হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে যশোরের লাউখালী শ্মশান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুজর গিফারী (২৩) এবং কেসি কলেজের শিবির নেতা ও খয়েরতলা এলাকার শামীম হোসেন (২০)।
যশোর কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে সদর উপজেলার লাউখালি শ্মশান সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহত দুজনের লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে ওসি বলেন, নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি।
তবে শুনেছি, তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। তবে স্বজনরা জানিয়েছেন, লাশ দুটি আবুজর গিফারী ও শামীমেরই। তারা জানান, গত ১৮ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের জামতলা মোড় থেকে দুটি মোটরসাইকেল যোগে আসা চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে আবুজর গিফারিকে তুলে নিয়ে যায়।
অপহরণকারীরা তাকে নিয়ে গান্না সড়কের দিকে চলে যায়। পরে তার পরিবারের সদস্যরা এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করলে ওসি আনোয়ার হোসেন গিফারিকে আটকের কথা অস্বীকার করেন। এদিকে গত ২৫ মার্চ শামীম হোসেনকেও পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ শামীমকে আটকের কথাও অস্বীকার করে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













