আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলার পাওয়ার আশা শ্রীলঙ্কার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৭ ১৬:২১:২৪


মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলারের ঋণের চূড়ান্ত অনুমোদনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (৭ মার্চ) দেউলিয়া হয়ে যাওয়া দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট রনীল বিক্রমাসিংহে পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চীনের সহায়তার পর ঋণ পাওয়ার ব্যাপারে যেসব শর্ত ছিল, তা পূরণ হয়েছে। বিক্রমাসিংহে বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু আমদানির জন্য আমাদের যথেষ্ট বৈদেশিক মুদ্রা নেই। তাই আইএমএফের এই ঋণ খুবই গুরুত্বপূর্ণ। খবর আল জাজিরা’র।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আইএমএফের বেঁধে দেয়া সব অগ্রিম শর্ত পূরণ করেছে তার দেশ। তিনি বলেন, গত রাতে চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নতুন চিঠি পেয়েছি। আমি ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একটি লেটার অব ইন্টেন্ট সই করে আইএমএফের কাছে পাঠিয়েছি।

বিক্রমাসিংহে আরও বলেন, এই পদক্ষেপের ফলে এবং ভারত ও প্যারিস ক্লাবের কাছ থেকে আর্থিক নিশ্চয়তা পাওয়ার পর আমরা আশা করছি মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই কর্মসূচি অনুমোদন পাবে।

প্রসঙ্গত, আইএমএফের ঋণ পেতে করের হার বাড়ানো, জ্বালানি ও বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার এবং অলাভজনক সরকারি প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিক্রমাসিংহের প্রশাসন। এর আগে গত বছরের এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি ডলার ঋণ খেলাপি হয় শ্রীলঙ্কা।

আই এইচ