তুরস্ককে ৫০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০৭ ১৬:৫৮:১০


তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫০০ কোটি ডলার জমা দিচ্ছে সৌদি আরব। মূল্যস্ফীতি ও প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত মাসের ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের অর্থনীতিকে চাঙা করতে রিয়াদ এই অর্থ সহায়তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর জিও টিভি’র।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের বোর্ড চেয়ারম্যান আহমেদ আল-খতিব তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভসিওগলু সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন। এক বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, ‘উল্লেখযোগ্য ৫০০ কোটি ডলার জমা দেয়ার’ লক্ষ্যে এই চুক্তি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও তুরস্ক এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিদ্যমান গভীর সহযোগিতা এবং ঐতিহাসিক সম্পর্কের সাক্ষ্য হচ্ছে এই ডিপোজিট। সৌদি সরকারের সহায়তার পর তুরস্কের বৈদেশিক রিজার্ভ বেড়ে যাবে এবং এটি মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।

সৌদি বাদশাহ সালমান ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর রিয়াদ ও আঙ্কারার সম্পর্কে ছেদ পড়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে।

এম জি