গ্রেপ্তারের পর মুক্তি পেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৫ ১০:১১:১১
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হওয়ার কিছু সময় পর মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয় তাকে।
মঙ্গলবার প্রায় এক ঘণ্টা পর আদালত ত্যাগ করেন তিনি। এর আগে আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। তবে সব অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।
মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। ফ্লোরিডার মার-এ-লাগোয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ট্রাম্প বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে হাজির হয়ে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলবেন।
স্টরমির সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠলেও ট্রাম্প তা অস্বীকার করেছেন। ক্ষমতায় থাকাকালে দুবার অভিশংসিত হওয়া সাবেক এই প্রেসিডেন্ট ‘রাজনৈতিক নিপীড়নের’ শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














