আল-আকসায় ইসরায়েলি আগ্রাসনের জবাব দেবে ফিলিস্তিন: হামাস

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৭ ১৬:২৪:৩৩


ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের মুখে আমরা অস্ত্র বন্ধ করে বসে থাকব না। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট ছোড়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দোষারোপ করার পর বৈরুত থেকে এ কথা বলেন হানিয়া। খবর এএফপির

গতকাল লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয় বলে অভিযোগ তেল আবিবের।

পবিত্র রমজান মাসে গত বুধবার দুই দফায় পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়।

আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের জেরে অন্য ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করতে লেবাননের রাজধানী বৈরুতে যান হামাস নেতা হানিয়া। গতকাল এ বৈঠক হয়। বৈঠকের পর একটি বিবৃতি দেন তিনি।

হানিয়া বিবৃবিতে বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে বলেন হানিয়া। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।

এম জি