দেড় মাসের মধ্যে কুয়েতে ফের ভাঙল পার্লামেন্ট
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০২ ১৮:২৭:১০
সরকার গঠনের দেড় মাসের মধ্যে আবারও ভেঙে গেল কুয়েতের সরকার ব্যবস্থা। কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ সোমবার এক ডিক্রি জারির মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।
কুয়েতের পার্লামেন্টের মোট আসন ৭৬টির মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য, বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।
২০২০ সালের নির্বাচনের পর থেকে দেশটির পার্লামেন্টের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় নির্বাহী বিভাগ তথা আমিরের। সরকার পরিচালনার ক্ষেত্রে নিজেদের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা, তা থেকেই সূত্রপাত এই দ্বন্দ্বের।
দ্বন্দের অবসান ঘটনাতে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল-সাবাহ ২০২১ সালে নিজের জ্যেষ্ঠ সন্তান শেখ মেশাল আল আহমেদ আল-সাবাহকে দেশের ক্রাউন প্রিন্স ঘোষণা করে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত অধিকাংশ দায়িত্ব তার ওপর অর্পণ করেন। তবে তা সত্ত্বেও পার্লামেন্ট ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
কুয়েতে পার্লামেন্টারি ব্যবস্থা প্রচলিত থাকলেও দেশটিতে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। দেশটির সংবিধানে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ রয়েছে। যারা নির্বাচনে প্রার্থী হন, তাদের প্রায় সবাই দেশটির অভিজাত সম্প্রদায়ের; যাদের একটি অংশ আবার আমিরবিরোধী।
সোমবারের ডিক্রিতে ক্রাউন প্রিন্স শেখ মেশাল বলেন, ‘জনগণের ইচ্ছে অনুযায়ী এই ডিক্রি জারি করা হয়েছে। আমরা আশা করছি, সামনের নির্বাচনের পর দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার সম্ভব হবে এবং কুয়েতের সরকারব্যবস্থা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।’
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৪২ লাখের কিছু বেশি। ১৯৬২ সালে দেশটিতে মন্ত্রিপরিষদ শাসিত সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














