জাপানের প্রধানমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৭ ১৬:০০:২০


সিউল ও টোকিও’র ‘শাটল কূটনীতি’ পুনরায় শুরু করা এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মুখে দুদেশের সম্পর্ক জোরদারের চেষ্টায় দক্ষিণ কোরিয়া সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রবিবার তিনি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছেন।

কিশিদাকে বহনকারী বিমানটি রবিবার সেওংনামের সিউল বিমানবন্দরে অবতরণ করে। গত এক দশকে সিউলে জাপানের কোন নেতার এটি প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। বিমানবন্দরে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

দিনশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলের সঙ্গে তার গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে।

পূর্ব এশিয়ার প্রতিবেশী এ দুদেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ঐতিহাসিক কিছু কারণে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে তিক্ততাও রয়েছে। কোরীয় উপদ্বীপে ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঔপনিবেশিক দখলদারিত্বের সময়ে জাপান দেশটির ওপর যৌন দাসত্ব ও জোরপূর্বক শ্রমে বাধ্য করাসহ নানা ধরনের নৃশংসতা চালায়।

বিশেষ করে যুদ্ধকালীন যৌনদাসীদের ব্যবহার, যাদের ‘কমফোর্ট উইমেন’ বলা হয় এবং জোরপূর্বক শ্রমসহ জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের সময় সংঘটিত নৃশংসতা উল্লেখযোগ্য।

এম জি