এ বছর পুলিৎজার পুরস্কার পেল যারা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১০:১৬:০৪
এ বছর সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর সংগ্রহের জন্য প্রতিষ্ঠান দুটোকে এ পুরস্কার দেওয়া হয়।
সোমবার (৮ মে) পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
ব্রেকিং নিউজ ও ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে এপি। আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে সেরা পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। পাশাপাশি ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগেও পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। এছাড়া ব্রেকিং নিউজ ও ফিচার ফটোগ্রাফি বিভাগে দুটি পুরস্কার জিতেছে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস।
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কারজয়ী হয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। লোকাল রিপোর্টিং ও কমেন্টারি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এএল ডটকম।
পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। নিউইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














