জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ১২:৪৮:৩৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১৮ মে)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে ২৫ মের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes (ইয়েস) অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।
এদিকে, বিকেল চারটা থেকে মুঠোফোনের খুদে বার্তায় ফল জানা যাবে। তা ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে। মুঠোফোনের খুদে বার্তায় ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













