গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ০৯:১৭:৫১
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। ১৯টি কেন্দ্রে একসঙ্গে শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে। চলবে ১টা পর্যন্ত।
‘সি’ ইউনিটের পরীক্ষায় ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ১২ জন।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক এই পরীক্ষায় পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার ফল গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। তার মধ্যে সি ইউনিটে ৩ হাজার ৪৯৬টি আসনের বিপরীতে মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
কেন্দ্রগুলোতে নিরাপত্তা রক্ষার্থে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরাও শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বলেন, এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার অনুরূপ সি ইউনিটের ভর্তি পরীক্ষাও ভালোভাবেই অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। কেন্দ্রগুলো প্রস্তুত।’
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













