রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের হাসপাতাল বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৩:৪৩:৫১


পূর্ব ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলের একটি স্বাস্থ্য সেবাকেন্দ্রে রকেট হামলা করেছে রাশিয়া। হামলায় অন্তত দুজন নিহত ও প্রায় ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। শুক্রবার (২৬ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, হাসপাতালে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে।

হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত ভবন ও সেখানে আটকে পড়া জনগোষ্ঠীকে উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। ভিডিওটিতে ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগেও শহরটিতে রকেট ও ড্রোন হামলার অভিযোগ করেছিলেন গভর্নর সেরহি লিসাক।

হামলায় ব্যবহৃত প্রায় ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। হামলায় একটি জ্বালানি ডিপোসহ ডিনিপ্রো ও খারকিভের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: বিবিসি