বন্ধু দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানি করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০১ ২০:২১:৫৮


বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানিসহ সামরিক অভিজ্ঞতা বিনিময় করবে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ কথা জানান।

বুধবার (৩১ মে) বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেওয়া বক্তব্য তিনি একথা বলেন।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জেনারেল বাকেরি বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তুলে ধরা এবং এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

তিনি বলেন, ইরান পাইকারি দামে বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সমরাস্ত্র সরবরাহ করার পাশাপাশি যেসব দেশ সমরাস্ত্র কিনবে সেসব দেশের সঙ্গে সব ধরনের সামরিক অভিজ্ঞতা শেয়ার করতেও প্রস্তুত রয়েছে।

সূত্র: পার্স টুডে