উড়িষ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৯৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১২:০৭:১৯


ভারতের ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত সহস্রাধিক। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, সিগন্যাল ভুলের কারণেই হয়েছে দুর্ঘটনা।

শুক্রবার (২ জুন) রাতে বালাশোরের দুর্ঘটনাকে বর্তমান শতাব্দীতে ভারতের ইতিহাসের ভয়াবহতম বলে উল্লেখ করছেন রেলকর্তারা।

এ ঘটনায় আহত সহস্রাধিক যাত্রীর ৬০-এর বেশি প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়েছেন হাসপাতাল। দুর্ঘটনায় প্রাণ হারানোদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত ২৯৫ যাত্রীর ৩১ জন পশ্চিমবঙ্গের বলে নিশ্চিত করেছে রাজ্য রেল দফতর।

শতাধিক নিহতের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। শনিবার প্রাণহানির সংখ্যা নিয়ে প্রকাশ্যেই মতবিরোধ হতে দেখা যায় বর্তমান রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে। ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

এর আগে শনিবার দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন শেষে দায়ীদের শাস্তির হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার দু’দিন পর প্রায় শেষ হতাহতদের উদ্ধারকাজ। রেল যোগাযোগ পুনঃস্থাপনে কাজ চললেও অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল দফতর।

এম জি