জাপানে সহকর্মীর গুলিতে ২ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ১৪:৩১:৩৫


জাপানে সামরিক প্রশিক্ষণের সময় সহকর্মীর গুলিতে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার জাপানের মধ্যাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সেনাকে আটক করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানে একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে নতুন নিয়োগ পাওয়া এক সৈনিকের হামলায় দুই সৈন্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দেশটির গিফু শহরে অবস্থিত জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস-এর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) এক বিবৃতিতে বলেছে, নতুন সেনা সদস্যদের প্রশিক্ষণের অংশ হিসেবে সরাসরি গুলিবর্ষণের মহড়ার সময় সেলফ ডিফেন্স ফোর্সের একজন প্রার্থী তিনজন সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।

এই ঘটনায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানানো হলেও জিএসডিএফ পরে জানায়, যে তিনজনকে গুলি করা হয়েছিল তাদের মধ্যে অন্য আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন