হরমুজ প্রণালীতে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-১৫ ১৪:৪৬:৪৪
হরমুজ প্রণালী এলাকায় ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য যুদ্ধবিমান এফ-১৬ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।
এক প্রতিবেদনে এপি জানায়, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দুটি তেল ট্যাঙ্কার আটক করার চেষ্টা করার পর ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, উপসাগরী অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কার আটক করে থাকে ইরান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














