আফগানিস্তান এবং পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৭-২৪ ০৯:৪৫:০৩
আফগানিস্তান এবং পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। নিহতদের আফগানিস্তানের নাগরিক ৩১ জন আর ১৩ জন পাকিস্তানের। এ ছাড়া দুটি দেশেই বহু মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি বলেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, নিহতের বেশির ভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। এ ছাড়া বন্যায় প্রায় আড়াইশ’ গবাদিপশুও মারা গেছে।
অন্যদিকে আলজাজিরা বলছে, পাকিস্তানে বর্ষা মৌসুম অব্যাহত রয়েছে এবং দেশটির বিভিন্ন অংশে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ১৩ জন মারা গেছেন। এ ছাড়া ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেন, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রাদেশিক কর্তৃপক্ষ চিত্রাল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














