রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
আপডেট: ২০১৬-০৬-০৪ ১২:৩২:৫১
‘ভেসে যাক পাশবিকতা, আসুক মানবিক মুক্তির দিন’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) দুই দিনব্যাপী চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’১৬ শুরু হয়েছে।
শুক্রবার সাকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম প্রমুখ।
প্রতিযোগিতার প্রথম দিনে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও কোয়ার্টার ফাইনাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, তৃতীয় বিজ্ঞান ভবন, ডিনস্ কমপ্লেক্স, রোকেয়া হল ও রহমাতুন্নেছা হলে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার প্রাক-চুড়ান্ত ও চুড়ান্ত এবং সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পুরস্কার বিতরণ করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আক্তার জাহান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













