রাবিতে সনৎকুমার সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৬-০৬ ১৯:২৪:৪৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সনৎকুমার সাহা সম্মাননা গ্রন্থ ‘বাংলাদেশ ইয়েস্টারডে টুডে টুমরো’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাবির সিনেট ভবনে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটির সম্পাদকবৃন্দের অন্যতম ড. মুস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক সনৎকুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
খ্যাতিমান অর্থনীতিবিদ ও অগ্রগণ্য রবীন্দ্র ভাবুক অধ্যাপক সুনৎকুমার সাহার জীবন ও সাধনাকে অবলম্বন করে সম্মাননা গ্রন্থটিতে দেশ-বিদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও সমাজের ব্যক্তিত্বদের ১৪টি প্রবন্ধ স্থান পেয়েছে। সেখানে অধ্যাপক সাহার নিজেরও দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কবি আরিফুল হক কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মো. ইসমাইল হোসেন, ভাষা সৈনিক আবুল হোসেন, অধ্যাপক এ্যামেরিটাস অরুণ কুমার বসাক, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক কায়েস উদ্দিন, অধ্যাপক এম সাইদুর রহমান খান, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক তারিক সাইফুল ইসলাম, কবি রুহুল আমিন প্রামানিক, প্রফেসর এম রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন বিভাগের অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন। সনৎকুমার সাহার জীবনপঞ্জী পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক যিনাতুল ইসলাম।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













