ফোর্বসের তালিকায় শেখ হাসিনার ক্ষমতা বেড়েছে

আপডেট: ২০১৬-০৬-০৭ ১০:৪৬:২০


বিশ্বের ক্ষমতাধরদের তালিকায় শেখ হাসিনার উন্নতি

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় আরও ২৩ ধাপ উন্নতি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় এবছর প্রধানমন্ত্রীর অবস্থান ৩৬ নম্বরে। গতবার এ তালিকায় তার অবস্থান ছিল ৫৯তম। এ মার্কিন সাময়িকীটি সোমবার নতুন এই তালিকা প্রকাশ করে। খবর বিবিসির।

তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অ্যাঞ্জেলা মেরকেল এ নিয়ে টানা ছয় এবং মোট ১১ বার তালিকায় শীর্ষ স্থান পেলেন।

মাইক্রোসফটের মালিক বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস এবার একধাপ পিছিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছেন গতবার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন।

শীর্ষ দশের মধ্যে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লগার্ড এবারও আছেন ষষ্ঠ স্থানে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা গতবার ১০ স্থানে থাকলেও এবার ঠাঁই পাননি শীর্ষ দশে।

বিবিসি জানিয়েছে, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি ও সেবা খাতে প্রতিনিধিত্বকারী ২৯ দেশের নারীরা আছেন ১০০ জনের এ তালিকায়। যার ৫১ জনই যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় সর্বোচ্চ নয়জন চীনের। তালিকায় ৩২ জন প্রধান নির্বাহী, ১২ জন বিশ্বনেতা ও ১১ জন বিলিয়নেয়ার রয়েছেন।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস বলেছে, ২০০৯ সাল থেকে বিশ্বের অষ্টম জনবহুল (জনসংখ্যা ১৬ কোটি ২০ লাখ) দেশটির নেতৃত্ব দিচ্ছেন তিনি।