কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বাজেট ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৬-০৮ ১৭:০৬:৪৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত এবং ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট আজ ০৮-০৬-২০১৬ তারিখ বুধবার উপাচার্য মহোদয়ের সভাকক্ষে উপস্থাপন করা হয়। বাজেট বিষয়ে বক্তব্য প্রদান করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. সুব্রত কুমার দে এবং ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। বাজেট সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত এবং ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট খাত ভিত্তিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক জনাব মো: নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ।বিশ্ববিদ্যালয়ের জন্য রাজস্ব খাতে ২০১৫-১৬ অর্থবছরে ২৩ কোটি ৩০ লক্ষ টাকার সংশোধিত এবং ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ৪৯ লক্ষ টাকার মূল বাজেট পেশ করা হয়। ২০১৬-১৭ অর্থবছরের বেতন ভাতাদি খাতে ১৬ কোটি ৭৭ লক্ষ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৪ কোটি টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৩ কোটি ২০ লক্ষ টাকা, মেরামত ও সংক্ষণ খাতে ১ কোটি টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করা হয়েছে। অপরদিকে উক্ত বাজেটের ব্যয় নির্বাহের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হতে ৪ কোটি ৬০ লক্ষ এবং অবশিষ্ট অর্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রাপ্য বরাদ্দ হতে নির্বাহের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ২০১৬-১৭ অর্থবছরের উন্নয়ন বাজেটের আওতায় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে ৮৮ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পেশ করা হয়।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












