কর্মীদের মারধরের প্রতিবাদে রাবি ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

আপডেট: ২০১৬-০৬-০৯ ১০:৫৫:৩৫


ru studentহলের কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্রমৈত্রীর কর্মীদের মারধরের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এছাড়া মারধরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সংবাদ সম্মেলনও করেছে ছাত্রজোট। বুধবার দুপুর ১টায় ছাত্রমৈত্রীর টেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে দোষীদের তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং হলগুলোতে ছাত্রলীগের ‘দখলদারিত্ব’ ও ‘সিট বাণিজের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে মারধরের প্রতিবাদে সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ছাত্রলীগ বারবার একই ধরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা ছাত্রলীগের এই নিপিড়ন থেকে মুক্তি চাই। এ ধরণের ঘটনার যাতে বারবার না ঘটে সেজন্য প্রশাসনে নিকট জোর দাবি জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে ছাত্রজোটের নেতাকর্মীরা যোগযোগ করতে চাইলে তিনি সাড়া দেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দিলীপ রায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘তারা আমার সাথে কেউ যোগাযোগ করেনি।’ তিনি আরও বলেন, ‘আর এই ঘটনায় তো আমার কিছু করার কথা না। এখানে হল প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে।‘

এ বিষয়ে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এক্রাম উল্যাহ’র সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য লিটন দাস প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সবুজসহ দুই কর্মী মনির ও মিলনকে মারধর করে করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস