ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১০:২১:২৭


ভারতে সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) লাদাখের রাজধানী লেহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তারা জানান, গাড়িটি কারু গ্যারিসন থেকে লেহর দিকে যাচ্ছিল। এতে ১০ জন সৈনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা আহতদের একটি সেনা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ৮ জনকে মৃত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার ও আট সেনাসদস্য রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

লেহের পুলিশ সুপার পিডি নিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি