অভিযানে বিএনপির ওপর চড়াও হওয়ার শঙ্কা ফখরুলের
আপডেট: ২০১৬-০৬-১১ ০৯:৫৯:৫৩

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে মির্জা ফখরুল এই শঙ্কার কথা জানান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে আজ থেকে এক সপ্তাহের অভিযানে যাওয়ার কথা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সাঁড়াশি অভিযান তাদের সেই কৌশল, যে কৌশলের মাধ্যমে তারা জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি।’
মির্জা ফখরুল বলেন, সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ইতিমধ্যে বন্দুকযুদ্ধে নয়জন নিহত হয়েছেন।
আজিজুর রহমানের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সম্ভবত আজিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। তবে আল্লাহর সহায় থাকায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় মানুষ। সে জন্য এভাবে গুলি করার পরও এলাকার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি বলেন, এই ঘটনা থেকে সারা দেশের চিত্র পাওয়া যায়। দেশে আজ কোথাও কোনো আইনের শাসন নেই। জীবনের নিরাপত্তা নেই। বিশেষ করে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে সহিংসতা হয়েছে, অতীতে আর কখনো তা ঘটেনি। এটা নজিরবিহীন।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মো. হাসান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














