বাসর রাতেই সজলের কাণ্ড!
আপডেট: ২০১৬-০৬-১১ ১৭:৩৭:৫৩
ঈদের জন্য নির্মিতব্য নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল। এমনিতেই ধারাবাহিক নাটকের প্রতি তার অনাগ্রহ। ঈদেও তার এ সিদ্ধান্তের ব্যত্যয় ঘটছে না। নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। তবে ঈদে খণ্ড নাটকে তার ব্যস্ততা আগের মতোই রয়েছে।
এবারের ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। এ ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করেছেন শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় ‘সমর্পণ’ নামে একটি টেলিছবি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। এ টেলিফিল্মের মাধ্যমে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলেন এ দুই তারকা।
এর গল্পে দেখা যাবে, পিয়াল বাবা-মার একমাত্র ছেলে। পরিবারের চাপের কারণে সে মিতুকে বিয়ে করে। বাসর রাতেই মিতুকে জানিয়ে দেয় তার সঙ্গে সে মোটেও সংসার করতে চায় না। বুঝিয়ে দেয় এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি যাবে তাতেই তার মঙ্গল। মিতু খুবই সহনশীল মেয়ে। একদিন কাউকে কিছু না বলে চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। মিতু চলে যাওয়ার পর পিয়াল বুঝতে পারে সব মেয়ে একরকম নয়। হারানোর পর সে বোঝে মিতু তার কি ছিল।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, গল্পটা খুবই সুন্দর। কাজ করে ভীষণ তৃপ্ত। পাশাপাশি স্নেহাও অভিনয়ে আগের চেয়ে অনেক দক্ষ হয়েছে।
স্নেহা বলেন, সজল ভাইয়া আমার প্রিয় অভিনেতাদের একজন। তার সঙ্গে কাজ করলে আমি অনেক কিছুই শিখতে পারি। আশা করি টেলিছবিটি সবার পছন্দ হবে।
আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে বলে নির্মাতা জানান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













