প্রধানমন্ত্রীর কাছে তথ্য থাকলে এতো মানুষ কেন খুন?
আপডেট: ২০১৬-০৬-১২ ২২:৩৩:৩০
প্রধানমন্ত্রীর কাছে সকল গুপ্তহত্যার তথ্য থাকলে এত মানুষ কেন হত্যার সুযোগ দেয়া হলো-এমন প্রশ্ন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের।
দলটির স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন বলেন সকল গুপ্তহত্যার তথ্য আছে, তাহলে খুনিদের আগে থেকেই গ্রেপ্তার না করে এত লোক হত্যার সুযোগ দেয়া হলো কেন তা জনগণের নিকট দুর্বোধ্য।রোববার বিকেল ৪টায় দলের সভাপতির উত্তরার বাসভবনে স্টিয়ারিং কমিটি এ সভা অনুষ্ঠিত হয়।
পরে জেএসডির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করা এবং যেনতেনভাবে রিমান্ডে না নেয়ার আদেশ দেয়ার পরও গত দুই দিনে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হলো কিভাবে?
বিবৃতিতে বলা হয়, ‘আমরা জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার ও বিচার চাই, তবে তা অবশ্যই আইন ও হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় মোতাবেক হতে হবে।’
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী ও সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














