রুয়েট কর্মকর্তা-কর্মচারীদের ২ দিনের কর্মবিরতি পালন
প্রকাশ: ২০১৬-০৬-১৩ ১৯:২২:২৬
চাকুরীর বয়স ও বেতন স্কেল বিষয়ে ইউজিসি’র এখতিয়ার বহির্ভূত পত্র প্রত্যাহারসহ কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর বয়সসীমা ৬৫ বছর করার দাবীতে দু’দিনের কর্মবিরতি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। গত রবিবার থেকে শুরু হওয়া দু’দিনের কর্মবিরতি সোমবার শেষ হয়।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রুয়েটের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে। এ সময় কর্মকর্তা ও কর্মচারী প্রশাসনিক ভবন চত্বরে মিলিত হয়ে অবস্থান ধর্মঘট পালন করে।
এসময় বক্তব্য রাখেন, কর্মকর্তা সমিতির সভাপতি শাহনেয়াজ সরকার সেডু ও সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং কর্মচারী সমিতির সভাপতি মোঃ মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক খ. ম. আবু আহমেদ মানিক সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অবস্থান ধর্মঘট শেষে কর্মকর্তা সমিতির সভাপতি শাহনেয়াজ সরকার সেডু ঘোষণা করেন, বর্ণিত দাবী আদায়ের লক্ষ্যে ১৪ জুন মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করা হবে। তিনি আরও বলেন, আগামী ১৭ জুন রুয়েটের সিন্ডিকেট সভায় কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর বয়সসীমা বৃদ্ধি করা না হলে ১৮ জুন থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













