পুঁজিবাজারে নাম লেখাচ্ছে বসুন্ধরা পেপার মিলস
আপডেট: ২০১৬-০৬-১৬ ১০:১৩:৩৪
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এ জন্য রোড শোর আয়োজন করেছে কোম্পানিটি। ইস্যু ম্যানেজার সূত্রে এই তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করতে চায়। বর্তমানে কোম্পানিটি বিশ্বের ২১টি দেশে টিস্যু রপ্তানি করছে।ভারতেও কোম্পানির একটি কারখানা আছে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, কোম্পানিটি এই ব্যবসা আরও সম্প্রসারণ করার উদ্দেশ্য নিয়ে বাজারে আসছে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা তারা ব্যবসা সম্প্রসারণরে জন্য ব্যয় করবে।
জানা গেছে, আগামী ৩০ জুন বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টারে রোড শো’র আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় এই রোড শো অনুষ্ঠিত হবে। কোম্পানির এই রোড শোতে অংশগ্রহণ করবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানসমূহ।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ত্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














