জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করবে আ.লীগ!
প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৮:২১:৫০
জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জাতির কাছে ক্ষমা চাইলে বিএনপির সঙ্গে ঐক্যের চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
রোববার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতাকর্মীরা।
নাসিম বলেন, আপনারা (বিএনপি) ঐক্য চান, ঐক্য হবে। সাহস থাকলে আগে জাতির কাছে ক্ষমা চেয়ে ঘোষণা দিন, জামায়াত আপনাদের সঙ্গে থাকবে না। তাহলে, আমরা চিন্তা করে দেখব।
মানববন্ধন কর্মসূচি থেকে সারা দেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে সারা দেশের মানববন্ধনের অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আর দেশের জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিরোধের জন্য দেশের প্রগতিশীল সব শক্তি এগিয়ে আসতে হবে। গুপ্তহত্যাকারীদের প্রতিরোধ করতে সারা দেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।
সারা দেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় গুপ্তহত্যার প্রতিরোধ গড়ে তুলার জন্য ১৫ জুলাই থেকে ২১ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজকের এ মানববন্ধনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে মাদারীপুরের শিক্ষক হত্যাচেষ্টাকারী ফাহিমকে যেমন ভাবে ধরিয়ে দেয়া হয়েছে এমন ভাবে সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সারা দেশে যেভাবে পুরোহিত, ধর্মযাজক, মসজিদের ইমাম, লেখক, ব্লগারসহ বিভিন্ন কায়দায় গুপ্তহত্যা করা হচ্ছে এর মধ্য দিয়ে দেশকে সাম্প্রদায়ীকরণের চেষ্টা চলছে। এদের কে কোনো ধরনের সুযোগ না দিয়ে প্রতিরোধ গড়ে তুলুন।
জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আগুন সন্ত্রাসের পর এবার খালেদার মদদে সারা দেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলতে হবে।
মানববন্ধনে অংশগ্রহন করে বক্তব্য দেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জেপির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














