‘পাকিস্তান জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে’
প্রকাশ: ২০১৬-০৬-২১ ১৯:৩৬:০৭
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘পাকিস্তান জঙ্গিবাদের মদদ দিচ্ছে। তারা হচ্ছে পুরনো পাপী। তাদের দ্বিজাতি তত্ত্ব সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে। আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন তারা এসে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। এর মাধ্যম হিসেবে তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে।’
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনাসভায় ফজলে হোসেন বাদশা আরও বলেন, দেশে জামায়াত ইসলামসহ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন সাম্প্রদায়িকতার উসকানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। তাই এসব হুমকি মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন।
সমিতির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাস ও প্রবীণ সাংবাদিক আহমদ সফিউদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও সিন্ডিকের সদস্য মামুন আ. কাইউম ও রাবিসাসের সাংগঠনিক সম্পাদক আবু জাফর। সভায় ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













