তারেক-জোবায়দার রায় দেয়া বিচারককে হত্যার হুমকি
আদালত প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২২ ১৪:৩২:৫৮
তারেক-জোবায়দাকে সাজা দেয়া বিচারক ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।
রোববার (২২ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৭ অক্টোবর এ চিঠি পাঠানো হয়েছে।
এই চিঠি যিনি পাঠিয়েছেন তার ঠিকানা দেয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, (গালি দিয়ে) বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র ২ টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।
অপর চিঠিতে ঠিকানা দেয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর। ওই চিঠিতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভণ্ড বিচারক মো: আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।
উল্লেখ্য, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক মো. আছাদুজ্জামান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













