জঙ্গি দমনে ভয়ংকর পথে সরকার : ফখরুল
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ১৬:২০:৫৮
জঙ্গি দমনে সরকার ভয়ংকর পথে রয়েছে দাবি করে এই পথ থেকে সরে আসতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জঙ্গিবাদ দমনের নামে সরকার বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করে দলটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ‘ভাসানী ভবনে’ এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্বিবিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও জিয়া পরিষদের উপদেষ্টা মনিরুজ্জামান মিয়ার স্মরণে এর আয়োজন করে ‘জিয়া পরিষদ’।
মির্জা ফখরুল বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে, তা ভয়ঙ্কর পথ। বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন করে জঙ্গি দমন করা যাবে না। তাই বলব, আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন, তাহলে জঙ্গি এমনিতেই দমন হবে।’
জঙ্গি ও সন্ত্রাস দমনে জাতীয় কনভেশনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘সরকারদলীয় এক নেতা বলেছেন, এখন কনভেনশন ডাকার সময় হয় নাই। আমি বলতে চাই, জাতীয় কনভেনশন ডাকার সময় হবে কবে? যখন সব শেষ হয়ে যাবে তখন কনভেনশন ডাকার সুযোগ থাকবে না।’
সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দলীয়করণ করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামীপন্থি শিক্ষক ছাড়া কোনো শিক্ষক নিয়োগ পায় না। যারা এ পন্থির বাইরে তাদেরকে হয় বহিস্কার করা হয়, তা না হলে ওএসডি করে রাখা হয়েছে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষ থাকার কথা ভুলে সরকার দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি আন্দোলন করছে বলেও জানান বিএনপির এই নেতা।
জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপার্চায অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














