জাবিতে বাজেট ১৯৩ কোটি টাকা

প্রকাশ: ২০১৬-০৬-২৫ ২১:২২:৫৮


জাবি২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার বাজেট পাস করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট অধিবেশনে সিনেট সদস্যদের সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস করা হয়।

অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। অধিবেশন পরিচালনা করেন সিনেটের সচিব রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ২০১৫-২০১৬ অর্থ বছরের ১৫৪ কোটি ৩৯ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেট উপস্থাপন করলে তা পাস হয়।

অধিবেশনে সিনেট সদস্যগণ উপাচার্যের ভাষণ ও কোষাধ্যক্ষ মহোদয়ের উপস্থাপিত বাজেট বক্তৃতার ওপর আলোচনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত অধিবেশনে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য, অসৎ মানুষের দ্বারা সম্পদের নিয়ন্ত্রণ, নীতিহীনতার প্রতি আসক্তি- আমাদেরকে এক অন্ধকারের দিকে ধাবিত করছে।

উপাচার্য তার বক্তব্যে আরো বলেন, প্রগতিশীল ধ্যান-ধারণা, উদ্যোগ ও আদর্শবাদী মানসিকতা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এই মূল্যবান সম্পদের মাধ্যমে আমরা সকল প্রকার বাধা-বিপত্তি ডিঙ্গিয়ে আমাদের অগ্রগামী বাসনা, সৎ সাহস ও আন্তরিক সদিচ্ছার মাধ্যমে আমরা ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও জাতীয় জীবনের স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষায় বিশেষ অবদান রাখতে সমর্থ হবো।

শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য বলেন, কর্মজীবনে প্রায়শই শিক্ষা ও দক্ষতার যথাযথ মূল্য দেয়া হয় না।

সানবিডি/ঢাকা/আহো